টি-টোয়েন্টিতে বরাবরই সাকিবের প্রিয় পজিশন তিন নম্বর। এই পজিশন থেকে সরিয়ে দেওয়ায় সাবেক কোচ চন্দিকা হাথুরুসিংহের সঙ্গে টানাপোড়েনও ছিল তার। সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে টি-টোয়েন্টি সিরিজে তিনেই ব্যাট করেছেন সাকিব। এবার ওয়ানডেতেও নিয়মিত হতে চান তিনে। শনিবার তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন সাকিব আল হাসান। আসছে ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্টে যে তিন নম্বরেই ব্যাট করবেন এই অলরাউন্ডার!

বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের একটি সূত্র নিশ্চিত করেছে, আসছে ত্রিদেশীয় সিরিজের শুরুটায় অন্তত সাকিবের তিনে ব্যাট করার সিদ্ধান্ত মোটামুটি পাকা। সফল হলে তো কথাই নেই। ব্যর্থ হলে পরবর্তীতে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।

সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম ওয়ানডেতে তিন নম্বরে ব্যাট করেছিলেন সাকিব। আউট হয়েছিলেন ২৯ রানে। পরের দুই ম্যাচে আবার নেমে যান পাঁচ নম্বরে। মূলত দলের সেরা ব্যাটসম্যানদের একজনকে উইকেটে আরও বেশি সময় দেওয়া ও তার কাছ থেকে সেরাটা পেতেই সাকিবকে তিনে নামানোর এই সিদ্ধান্ত।

শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে আগামী ১৫ জানুয়ারি শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম দুই ম্যাচের জন্য রোববার ১৬ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ।

সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, তাসকিন আহমেদ, মুমিনুল হক ও লিটন দাস। ওয়ানডে দলে ফিরেছেন এনামুল হক, উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন, পেস বোলিং অলরাউন্ডার আবুল হাসান ও বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম।

বাংলাদেশ ও জিম্বাবুয়ের লড়াই দিয়ে শুরু হবে ত্রিদেশীয় টুর্নামেন্ট।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, এনামুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, আবুল হাসান, সানজামুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফ উদ্দিন।

newssaradin.com

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *