রাজধানীর হাইকোর্টের কদম ফোয়ারার সামনে বিএনপির নেতা-কর্মী ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি মাইক্রোবাস ও যাত্রীবাহি বাস ভাংচুর ও একটি মোটর সাইকেল পুড়িয়ে দেয় তারা।
পুরান ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ ড. মো. আকতারুজ্জামানের আদালতে হাজিরা শেষে খালেদা জিয়া তার গাড়িবহর নিয়ে চলে যাওয়ার পর রাজধানীর বঙ্গবাজার, গুলিস্তান, জিরো পয়েন্ট, প্রেসক্লাব ও হাইকোর্ট এলাকায় গাড়ি ভাঙচুর করেন বিএনপির নেতা-কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খালেদা জিয়ার গাড়ি যাওয়ার পর বিএনপি কর্মীরা মিছিল করে আসছিল। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর একদল বঙ্গবাজারের দিকে ও অপরদল উল্টো ঘুরে জিরো পয়েন্টের দিকে পালিয়ে যায়।
যাওয়ার পথে তারা ‘ভাঙ গাড়ি’ বলে চিৎকার করতে করতে পথ চলতি ও রাস্তার পাশে পার্ক করিয়ে রাখা সরকারি বেসরকারি শতাধিক গাড়ি ভাঙচুর করে। এসব গাড়ির সামনের অথবা পেছনের কাচগুলো ভাঙচুর করেছে তারা। এছাড়াও বঙ্গবাজার এলাকায় একটি মোটরসাইকেল আগুন দিয়ে জ্বালিয়ে দেয় তারা। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
newssaradin.com
