চট্টগ্রামে পারিবারিক পুকুরের মাছের ভাগ নিয়ে বিরোধের জেরে বড় ভাইকে খুনের ঘটনায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ নজরুল ইসলাম এ আদেশ দেন। দণ্ডিত মোতাহের হোসেন হাটহাজারী উপজেলার সদর ইউনিয়নের চাদগাজী চৌধুরী বাড়ির বাসিন্দা।
আগে থেকে গ্রেপ্তার মোতাহের হোসেনকে রায় ঘোষণার সময় আদালতে হাজির করা হয়েছিল।
চট্টগ্রাম জেলা আদালতের সহকারী পিপি এস এম সিরাজদ্দৌলা বলেন, আসামির বিরুদ্ধে খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের ২৫ অক্টোবর যৌথ মালিকানাধীন পারিবারিক পুকুর থেকে মাছ ধরে অন্য চার ভাই ও মায়ের ভাগ না দিয়ে সব নিজেই নিয়ে যাচ্ছিলেন মোতাহের হোসেন।
এসময় মাছের ভাগ চাইতে গেলে বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে ছুরি দিয়ে বড় ভাই নুরুল আবছারের বুকে ছুরি দিয়ে আঘাত করে মোতাহের।
বাধা দিতে গেলে নুরুল আবছারের স্ত্রী সালমা আক্তার এবং আরেক ভাইয়ের ছেলে আহসান হাবিবও গুরুতর আহত হয়।
গুরুতর আহত নুরুল আবছারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী সালমা আক্তার বাদি হয়ে হাটহাজারী থানায় হত্যা মামলা করেন।
২০১২ সালের ১৭ জানুয়ারি পুলিশ মোতাহের হোসেনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।
মামলায় ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত এ রায় দিলেন।
