পদ্মা নদীর পানি বৃদ্ধি ও তীব্র স্রোতে ফরিদপুর সদরে একটি শাখা খালের উপর সেতু ধসে পড়েছে।
এ কারণে একটি ইউনিয়নের সঙ্গে জেলা শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। একটি মসজিদ ও কয়েকটি বাড়ি হুমকির মুখে পড়েছে।
রোববার সকালে সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গির সেতুটি ধসে পড়ে।
নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাকুজ্জামান জানান, গোলডাঙ্গির পুরাতন সেতুটির পাশে বড় একটি সেতুর নির্মাণ কাজ চলছে। কাজের কারণে সেতুর পাশে বাঁশ ও মাটি দিয়ে বেঁধে দেওয়া হয়েছিল।
“পদ্মার পানি বৃদ্ধির ফলে বন্ধ থাকা অংশে পানির চাপ বাড়তে থাকে। সকাল ৬টার দিকে পানির তীব্র স্রোতে পুরাতন সেতুটির পূর্ব পাশের অংশ ধসে যায়।”
Photo: bdnews24.com
