চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় একটি দর্জি দোকানে আড্ডার সময় এক কর্মচারীর কাঁচির আঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছেন।
বুধবার রাতে কাঁচিবিদ্ধ নাজমুল ইসলাম সাগরকে (১৪) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়ে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
তাকে কাঁচি মারার অভিযোগে ওই দরজি দোকানের কর্মচারী বিপ্লব চন্দ্রকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে বলে বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসিন জানিয়েছেন।
সাগর বেলতলা এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় ব্রাইটসান স্কুলের নবম শ্রেণির ছাত্র। সাগরসহ তার বন্ধুরা বেলতলা এলাকার নিপু টেইলার্সে আড্ডা দিতেন বলে ওসি মহসিন জানান।
তিনি বলেন, “বিভিন্ন সময়ে দুষ্টামির ছলে তারা (সাগর ও তার বন্ধুরা) নিজেদের মধ্যে মজা করতেন। রাতে আড্ডা দেওয়ার সময় বিপ্লবকে ক্ষেপিয়ে তোলে সাগর। এসময় বিপ্লবের ছুড়ে মারা কাঁচি সাগরের পিটে গেঁথে যায়।”
রাতেই সাগরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল।
গ্রেপ্তারের পর বিপ্লব মহানগর হাকিম মাসুদ পারভেজের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান ওসি।
