পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত রাঙামাটি পরিদর্শনে যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী এলাকায় এই হামলায় মির্জা ফখরুল ও তিনি নিজে আঘাত পেয়েছেন। গাড়ি বহরে থাকা আমির খসরু বলেন, মহাসচিবের নেতৃত্বে তাদের সাত সদস্যের প্রতিনিধি দল সকালে চট্টগ্রাম থেকে সড়ক পথে কাপ্তাইয়ের পথে রওনা হন। সেখান থেকে নৌপথে তাদের রাঙামাটি যাওয়ার কথা ছিল।
“সকাল সাড়ে ১০টার দিকে রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় পৌঁছালে একদল লোক রড ও দা নিয়ে আমাদের গাড়ি বহরে হামলা চালায়। তারা বৃষ্টির মতো পাথর মারছিল। আমাদের গাড়ি চুরমার করে ফেলেছে।”
গাড়ির কাচ ভেঙে শরীরে লেগে আহত হয়েছেন জানিয়ে আমির খসরু বলেন, “আওয়ামী লীগের হাছান মাহমুদের লোকজন এই হামলা চালিয়েছে বলে আমাদের ধারণা।” হামলার পর রাঙামাটি যেতে না পেরে বিএনপি প্রতিনিধি দলের সদস্যরা চট্টগ্রামের দিকে রওনা হন। দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে তাদের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

Photo: bdnews24.com
বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম এই প্রতিনিধি দলে রয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্থানীয় এমপি হাছান মাহমুদ বলেন, “মির্জা ফখরুল রাঙামাটি যাওয়ার পথে ইছাখালী এলাকায় তাদের গাড়ির ধাক্কায় স্থানীয় দুইজন আহত হয়। এতে বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছে। তবে এ ঘটনা অনভিপ্রেত।”
আহত দুই স্থানীয় বাসিন্দা রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বলে হাছান মাহমুদ জানান।
