আগামী সপ্তাহের মধ্যে ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মাধ্যমে ক্যাডার পদে একুশ’শ জন প্রার্থী নেওয়া হবে।

বিসিএসে এবার আবেদন পদ্ধতি এবং প্রশ্ন কাঠামোতে বেশ কিছু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।

পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বৃহস্পতিবার (০৮ জুন) Newssaradin.com কে বলেন, ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য প্রস্তুতি প্রায় শেষ। আগামী সপ্তাহে না হলে পরের সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে এর আগে দুই হাজারের বেশি ক্যাডার পদে নিয়োগের জন্য অনুমোদন দেওয়া হয়।

পিএসসি চেয়ারম্যান বলেন, ৩৮তম বিসিএসে ক্যাডার পদে একুশ’শ প্রার্থী নিয়োগ করা হবে।

২০০ নম্বরের প্রিলিমিনারির পর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে যোগ্য বলে বিবেচিত হন প্রার্থীরা।

৩৮তম বিসিএস থেকে ‘বাইল্যাঙ্গুয়্যাল’ (বাংলা ও ইংরেজি মাধ্যম) প্রশ্ন করা হবে জানিয়ে পিএসসি চেয়ারম্যান বলেন, অনেকেই ইংরেজিতে উত্তর দেন। লিখিত পরীক্ষায় যে ভাষাতেই উত্তর লিখুক মূল্যায়ন সমান হবে।

লিখিত পরীক্ষায় ৯০০ নম্বরের মধ্যে বাংলাদেশ বিষয়াবলীর (প্রথম ও দ্বিতীয় পত্র) মধ্যে আলাদা করে ৫০ নম্বরের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্ন রাখার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান পিএসসি চেয়ারম্যান।

বর্তমানে বাংলায় ২০০, ইংরেজিতে ২০০, বাংলাদেশ বিষয়াবলীতে ২০০, আন্তর্জাতিক বিষয়াবলীতে ১০০, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতায় ১০০ এবং সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি ১০০ নম্বরের লিখিত পরীক্ষা হয়।

বিসিএসের আবেদনপত্র অনলাইনে সম্পন্ন করা হবে জানিয়ে তিনি বলেন, স্থায়ী ও বর্তমান ঠিকানার পাশাপাশি আবেদনের সময় এবার জাতীয় পরিচয়পত্র নম্বর বাধ্যতামূলক করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র নম্বর ছাড়া কাউকে অনুমোদন করা হবে না।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *