স্ত্রীকে নগ্ন করিয়ে নিউইয়র্কে ব্যস্ত রাস্তায় হাঁটানোর অপরাধে ওই নারীর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম জেসন মেলো (২৪)। তবে তাঁর ২২ বছর বয়সী নির্যাতিতা স্ত্রীর নাম প্রকাশ করা হয়নি।
নির্যাতিত ওই নারী অভিযোগ করেন, তাঁদের দুই মাস বয়সী মেয়ের সামনেই জেসন তাঁর গলা টিপে শ্বাসরোধ করার চেষ্টা করেন এবং সমস্ত পোশাক খুলে ফেলতে বাধ্য করেন। এরপর জোর করে বাড়ি থেকে বের করে রাস্তায় হাঁটতে বাধ্য করেন।
শুধু তাই নয়, কথা না শুনলে ওই নারীকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে মুখ নষ্ট করে দেওয়ার হুমকিও দেন জেসন।
গতকাল বৃহস্পতিবার ম্যানহাটন ক্রিমিনাল কোর্টে দাঁড়িয়ে এসব কথা জানান জেসনের স্ত্রী।
ভয়ভীতি প্রদর্শন, হুমকি ও একটি শিশুর জীবন বিপন্ন করাসহ তৃতীয় মাত্রার অভিযোগে জেসনকে গ্রেপ্তার করা হয়। এসব অভিযোগে এখন তাঁর বিচার চলছে।
এ বিষয়ে ইউনিভিশনকে ওই নারী বলেন, ‘তাঁকে (জেসন) আমি অনেক ভয় পাচ্ছিলাম। আমি বুঝতে পারছিলাম না যে কী করা উচিত। সে আমাকে বারবার হুমকি দিচ্ছিল। আমার চেহারা নষ্ট করে দিতে চাইছিল।’
