হাতে পায়ে গাছের মত শেকড় গজানোর বিরল রোগে আক্রান্ত আবুল বাজনাদার স্বাভাবিক জীবনে ফিরে না আসা পর্যন্ত তার সকল চিকিৎসার খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) চিকিৎসাধীন আবুল বাজনাদারকে দেখতে যাওয়ার পর সংবাদ সম্মেলন তিনি এ কথা জানান। এর আগে মন্ত্রী আবুলের স্বাস্থ্যের খোঁজ খবর নেন ও তার পরিবারের সদস্য ও চিকিৎসকদের সাথে কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে এটি একটি বিরল রোগ। এ বিরল রোগে আক্রান্ত রোগীকে দেখতে ও চিকিৎসার খোঁজ নিতে এসেছি। ১০ বছর ধরে সে এ রোগে আক্রান্ত। পরিবারের সাথে কথা বলে বুঝতে পেরেছি, তাদের ধারণা ছিল যে তার চর্মরোগ হয়েছে এবং এ জন্য তারা চর্মরোগের চিকিৎসা নিয়েছে।
মন্ত্রীর বক্তব্যের সময় উপস্থিত ছিলেন ঢামেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মিজানুর রহমান ও আবুলের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।
