মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) গত রোববার একটি ভিডিওচিত্র ছেড়েছে, যেখানে নয় ব্যক্তির ছবি দেখানো হয়েছে। আইএসের দাবি, গত নভেম্বরের প্যারিস হামলায় এই নয়জনই জড়িত ছিলেন। ওই ভিডিওতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএসবিরোধী জোটের দেশগুলোকে হুমকিও দেওয়া হয়েছে। খবর এএফপির।
‘যেখানে পাও, তাদের হত্যা কর’ শিরোনামের ভিডিওটি জঙ্গিদের বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে চারজন বেলজিয়ান, তিনজন ফরাসি ও দুজন ইরাকি নাগরিককে দেখানো হয়, যাঁরা প্যারিস হামলায় জড়িত বলেই সবার ধারণা। ভিডিওতে প্যারিসে হামলার আগে ওই নয়জনের বিভিন্ন নৃশংস কাজের চিত্রও দেখানো হয়। এর মধ্যে জিম্মি হিসেবে বর্ণিত বিভিন্ন ব্যক্তিকে গুলি ও শিরশ্ছেদ করে হত্যার দৃশ্যও রয়েছে।
ভিডিওটিতে জঙ্গিদের ফরাসি ও আরবি ভাষায় বলতে শোনা যায়, তাদের এই বার্তা সেই সব দেশের প্রতি, যারা সিরিয়া ও ইরাকে ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়ে আসছে। এ ছাড়া ভিডিওতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ছবি দেখানো হয়। এর সঙ্গে ইংরেজিতে লেখা হয়, ‘যারাই কাফেরদের (অবিশ্বাসীদের) পক্ষে দাঁড়াবে, তারাই আমাদের তরবারির লক্ষ্যবস্তু হবে।’
ভিডিওটি তৈরি করেছে আইএসের আল-হায়াত মিডিয়া সেন্টার। এতে প্যারিস হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের ‘সিংহ’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

newssaradin.com/২৬ জানুয়ারী ২০১৬

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *