চার নতুনের একাদশ দেখে বিস্মিত নাজমুল হাসান ব্যাপক পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্তে তাঁর আপত্তির কথা সরাসরিই জানিয়ে দিলেন এই প্রতিবেদককে। তামিম ইকবালকে দুই ম্যাচ বসিয়ে রাখারও পক্ষে নন তিনি। হাথুরুসিংহেকে কালই ‘পরামর্শ’ দিয়েছেন, আগামীকালের শেষ টি-টোয়েন্টিতে তামিমকে দলে রাখার। বোলিংয়ে অভিজ্ঞতা বাড়াতে একাদশে রাখতে বলেছেন বাঁহাতি স্পিনার আরাফাত সানিকেও।
‘পরীক্ষা-নিরীক্ষা হবে তা জানতাম। তবে আজ (গতকাল) যে এত বেশি হবে, এটা জানতাম না। আমার মনে হয়, পরীক্ষা-নিরীক্ষা একটু বেশি হওয়াতেই আমাদের বোলিংটা দুর্বল হয়ে গেছে,’ কাল ম্যাচ শেষে শেখ আবু নাসের স্টেডিয়ামে দাঁড়িয়ে বলছিলেন বিসিবি সভাপতি।
২০ ওভারের ক্রিকেটে যেকোনো দলের বিপক্ষেই ১৮৭ রান তাড়া করে জেতা সেরা একাদশ ছাড়া সম্ভব নয় বলেই মনে করেন তিনি, ‘আমাদের মুশফিক ছিল না, তামিমও খেলেনি। সে জন্য ব্যাটিংও দুর্বল হয়ে পড়েছে। যারা ছিল, তাদের পক্ষে ওভারপ্রতি ৬, ৭, ৮ পর্যন্ত হয়তো রান করা সম্ভব, বাকিটা সম্ভব নয়।’
newssaradin.com
