৫ জানুয়ারি বিএনপিকে রাজধানী ঢাকাসহ কোথাও নামতে না দেওয়ার পরিকল্পনা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির নেতারা বলছেন, অতীতে বিএনপি এই দিনে আন্দোলনের নামে সহিংসতা ও নাশকতা করেছিল। তাই এবার বিএনপিকে কোথাও নামতে দেবে না দলটি।
দলটির নাম প্রকাশে অনিচ্ছুক দুজন সম্পাদকমণ্ডলীর সদস্য বলেন, তাঁরা মনে করেন সোহরাওয়ার্দী উদ্যানে একই সময়ে দুই দলের সমাবেশ আহ্বানের কারণে সেখানে কোনো দলকেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অনুমতি দেবে না। এ জন্য আওয়ামী লীগ রাজধানীর সব কটি প্রবেশমুখসহ ১৭টি স্থানে অবস্থান কর্মসূচি নিয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি না দিলেও বাকি জায়গাগুলোতে তাঁরা কর্মসূচি পালন করবেন। এ ছাড়া রাজধানীর শিল্পকলা একাডেমীতে ৫ জানুয়ারি অগ্নিদগ্ধদের নিয়ে আলোকচিত্র প্রদর্শনী করা হবে। তাঁরা দুজন মনে করেন, বিএনপি-জামায়াত মাঠে নামলে নাশকতা করতে পারে, এ জন্য তাদের মাঠেই নামতে দেওয়া হবে না।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একজন সভাপতিমণ্ডলীর সদস্য প্রথম আলোকে বলেন, বিএনপি-জামায়াতের অতীত রেকর্ড ভালো নয়। ২০১৪ ও ২০১৫ সালের ৫ জানুয়ারিকে কেন্দ্র করে তারা যে নাশকতা ও তাণ্ডব করেছে, তা আর করতে দেওয়া হবে না। তাদের মাঠেও নামতে দেওয়া হবে না।
সূত্র : প্রথমআলো
newssaradin.com/৩ ডিসেম্বর ২০১৬
