পাওয়ার হিটে বেশ পারঙ্গম। টাইমিং ঠিকঠাক হলে বল পাঠিয়ে দেন সোজা গ্যালারিতে! তবে ব্যাটিংয়ের যে অর্ডার, সময়-বল থাকে না পর্যাপ্ত। কিন্তু তাতেও নিজেকে চেনাতে সমস্যা হয়নি সাব্বির রহমানের।

পরিস্থিতির দাবি মেনে খেলতে পারেন কার্যকরী ইনিংস। এরই মধ্যে গায়ে সেঁটে গেছে ‘টি-টোয়েন্টি বিশেষজ্ঞ’ তকমা। এবার ভারতের সবচেয়ে প্রচারিত পত্রিকা ‘টাইমস অব ইন্ডিয়া’-এর সেরা পাঁচ টি-টোয়েন্টি ইনিংসের তালিকায়ও উঠে এসেছে সাব্বিরের নাম।

এ বছর টি-টোয়েন্টিতে সেরা পাঁচ ইনিংসের তালিকা করেছে ‘টাইমস অব ইন্ডিয়া’। সে তালিকায় ক্রিস গেইল, মরনে ফন উইক, গুলাবদিন নাইব ও জর্জ ওয়ার্কারের সঙ্গে আছেন বাংলাদেশের সাব্বির।

স্বপ্নের মতো এক বিশ্বকাপ কাটিয়ে আসা বাংলাদেশ ছন্দ ধরে রেখেছিল এপ্রিলে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। ধবলধোলাই করেছিল পাকিস্তানকে। হারের পর ‘পাকিস্তান ওয়ানডে দল পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে’ এমন অজুহাত দিয়েছিলেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি।

কিন্তু টি-টোয়েন্টিতেও বাংলাদেশের কাছে পাত্তা পায়নি পাকিস্তান।
সে জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল সাব্বিরের। ১৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে ষষ্ঠ ওভারেই ৩৮ রানে ৩ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এরপরই সাকিব আল হাসানের সঙ্গে জুটি বাঁধেন সাব্বির।

দুজনে মিলে মাত্র ১০.৪ ওভারেই তুলে ফেলেন ১০৫ রান। অভিজ্ঞ সাকিবকে পার্শ্ব চরিত্র বানিয়ে পুরো আলোটা নিজের দিকে নিয়ে নিয়েছেন সাব্বির। মাত্র ৩২ বলে ৭ টি চার ও ১ টি ছক্কায় ৫১ রান তুলে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছিলেন। ক্যারিয়ারের একমাত্র টি-টোয়েন্টি ফিফটিতে সেদিন শুধু ম্যাচ সেরা হননি, বছরের সেরা টি-টোয়েন্টি ইনিংসেও নাম উঠে গেছে সাব্বিরের।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *