চট্টগ্রামে নৌবাহিনীর মসজিদে হামলার ঘটনা বিএনপি-জামায়াতের নাশকতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় উদয়ন স্কুলে বঙ্গবন্ধু মেধাবৃত্তি ফাউন্ডেশনের লিখিত পরীক্ষা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, যেদিন থেকে যুদ্ধাপরাধীর বিচার শুরু হয়েছে সেদিন থেকে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে যাচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যর্থ হয়ে তারা (বিএনপি-জামায়াত) এখন চোরাগোপ্তা হামলা শুরু করেছে। এমনকি তারা বিদেশি নাগরিকদের হত্যা করেছে।
এ হামলা তাদেরই নাশকতার অংশ। তিনি আরও বলেন, এসব হামলায় তাদের লক্ষ্য একটাই যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা। দেশকে অস্থিতিশীল, জঙ্গিরাষ্ট্র বানানো এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। যারা বাংলাদেশের অস্তিত্ব বিশ্বাস করে না, বর্তমান সরকারের উন্নয়ন পছন্দ করে না তারাই এগুলো করছে। এটা স্পষ্ট প্রমাণিত বিএনপি-জামায়াত পরিকল্পিতভাবে এগুলো করছে। এগুলো করে তারা বিচার বন্ধ করতে পারবে না। বর্তমান সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবে না।
newssaradin.com/১৯ ডিসেম্বর ২০১৫
