দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছেন তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে আওয়ামী লীগ। ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় সামনে রেখে এই সময়সীমা বেঁধে দিল ক্ষমতসীন দলটি।
এর মধ্যে যারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না তাদের বিরুদ্ধে ‘শাস্তিমূলক’ ব্যবস্থার প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। আজ বুধবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দলের কেন্দ্রীয় নেতাদের বৈঠকের পর তিনি এ কথা জানান। তিনি আরো জানান, কেন্দ্রের আহ্বানে সাড়া দিয়ে এরই মধ্যে অনেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
