সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের বিপরীতে ভারতের তারালি এলাকায় বিএসএফ-এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার পাঁচরকি গ্রামের মো. নজরুল ইসলাম ও কলারোয়ার কাকডাঙ্গা গ্রামের খালেক সরদার।
তাদের মরদেহ এখনও ঘটনাস্থল ভারতের তারালি গ্রামে আছে বলে জানায় স্থানীয়রা। সীমান্তের মেইন পিলার ১৩ এর সাবপিলার ৩ থেকে ৫০০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিউজ সারাদিনকে জানিয়েছে, তারা এমন একটি খবর জানতে পারলেও তা নিশ্চিত করা যায়নি।
এ ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে। সীমান্তের লোকজন গরু রাখালদের বরাত দিয়ে আরও জানায়, আজ বৃহস্পতিবার ভোরে কয়েকজন রাখাল ভারত থেকে চোরাচালান পণ্য নিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করছিল। বিএসএফ-এর ৭৬ ব্যাটেলিয়নের তারালি ক্যাম্প সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা গুলি ছুড়লে ঘটনাস্থলে দুই বাংলাদেশির মৃত্যু হয় বলে জানায় তারা।
এ প্রসঙ্গে বিজিবির তলুইগাছা ক্যাম্প কমান্ডার সুবেদার হুমায়ুন জানান, আমি ওপারে গুলির খবর শুনেছি। হতাহতের খবরও শুনেছি। তবে নিশ্চিত হতে পারিনি। বিজিবির ৩৮ ব্যাটেলিয়ন কর্মকর্তারা বলেন বিষয়টি সম্পর্কে আমরা খোঁজ খবর নিচ্ছি। নিশ্চিত করা গেলে আপনাদের জানানো হবে।
