নিজেদের জোটের প্রধান শরিক জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে সরকারকে ‘সবুজ সংকেত’ দিয়েছে বিএনপি। দলটির একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করে কালের কণ্ঠকে জানিয়েছে, ভারতের সংশ্লিষ্ট ‘কর্তৃপক্ষ’ ছাড়াও বিভিন্ন মাধ্যমে বিএনপি এই সম্মতির কথা জানিয়ে দিয়েছে।
মূলত ভারতকে ‘খুশি করতেই’ বিএনপির এই ত্যাগ স্বীকার। এ ছাড়া দেশ-বিদেশের নানা মহল থেকে জামায়াতের সঙ্গ ত্যাগের চাপ সইতে হচ্ছে সরকারের প্রধান প্রতিপক্ষ দলটিকে। আর এখন যেহেতু সরকার নিজে থেকেই জামায়াতকে নিষিদ্ধ করার পথে হাঁটছে, তাই সে সুযোগটি কাজে লাগাতেই সবুজ সংকেত দিয়ে রাখছে বিএনপি।
জামায়াতকে নিয়ে চাপের মধ্যে থাকা বিএনপি নেতারা বলছেন, ঠেলে জামায়াতকে জোট থেকে বের করে দিলে তাতে এত দিনের প্রধান রাজনৈতিক মিত্র দলটি ক্ষুব্ধ হবে, এটাই স্বাভাবিক। তার চেয়ে রাজনৈতিক দল হিসেবে সরকার জামায়াতকে নিষিদ্ধ করলেই কৌশলগতভাবে তাঁদের জন্য সুবিধা হয়। কারণ নিষিদ্ধ করা হলে জামায়াতের ভোট বিএনপির পক্ষে যাবে বলেই তাঁদের ধারণা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান স্বীকার করেন, জামায়াত প্রশ্নে আন্তর্জাতিক মহলের চাপ আছে। তিনি বলেন, ‘সরকার যদি জামায়াতকে নিষিদ্ধ করে, তাহলে তো কোনো ঝামেলা থাকে না। কিন্তু তারা তো এ নিয়ে রাজনীতি করছে বলে মনে হয়।’
