চট্টগ্রামে এক ব্যবসায়ীর ১০২ ভরি সোনা ছিনতাই হয় গত ২১ সেপ্টেম্বর। এর মাস খানেক পর ছিনতাইয়ের সঙ্গে ‘জড়িত’ এক ব্যক্তিকে একটি পূজামণ্ডপে দেখতে পান তিনি। সঙ্গে সঙ্গে তিনি খবর দেন থানায়। পুলিশ এসে দেখতে পায়, ওই ব্যক্তি পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা।
এভাবে চট্টগ্রাম নগরে ১০২ ভরি ওজনের সোনা ছিনতাই রহস্যের জট খুলেছে। পুলিশ বলছে, ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নগর পুলিশের বিশেষ শাখার ওই সহকারী উপপরিদর্শককে (এএসআই) আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার করা হবে। এদিকে ওই ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল জলিল মণ্ডল নিউজ সারাদিনকে বলেন, ‘একজন পুলিশ কর্মকর্তাসহ তিন ব্যক্তি ১০২ ভরি সোনা ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে আমরা তদন্ত করে তথ্য পেয়েছি। ওই ঘটনায় ওই কর্মকর্তাসহ দুজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিছু আইনি প্রক্রিয়া শেষ করে আমরা ওই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করব।’
