বাংলাদেশের কর্মকর্তারা বলেছেন, যেসব বাংলাদেশী নাগরিক এখনো যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট বা মেশিন রিড্যাবল পাসপোর্ট পাননি, তাদের জরুরি প্রয়োজনে আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে বিশেষ ভ্রমণ পাস দেয়া হবে। আগামীকাল মঙ্গলবারের পর থেকে আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে আর আগের হাতে লেখা পাসপোর্ট ব্যবহার করা যাবে না, যদিও বিদেশে থাকেন এমন কয়েক লক্ষ বাংলাদেশী নাগরিক এখনো মেশিন রিড্যাবল পাসপোর্ট পাননি।
তবে কর্মকর্তাদের ধারণা, বিষয়টি নিয়ে বড় ধরণের কোন সংকট হবে না। আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে ২০১৫ সালের ২৪শে নভেম্বরের পর আর হাতে লেখা পাসপোর্ট ব্যবহার করা যাবে না, এই সময়সীমা ঠিক করা হয়েছিল বেশ কয়েক বছর আগেই। নতুন মেশিন রিড্যাবল পাসপোর্ট দেয়ার জন্যে বিদেশী কোম্পানি নিয়োগ করা হলেও অনেক বাংলাদেশী এখনো এ ধরনের পাসপোর্ট হাতে পাননি। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ বা আটাবের সভাপতি মনজুর মোরশেদ বলছেন, অনেকে এখনো জানেনা যে হাতে লেখা পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে আসছে ।
তিনি বলেন, “এই সমস্যাটা সবচে বেশি প্রবাসী বাংলাদেশীদের। তারপরে যারা গ্রামে-গঞ্জের মানুষ, খুব বেশী ভ্রমণ করেন না। তাঁরা বিষয়টি সম্পর্কে অবহিত নন।” পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী সংসদে জানিয়েছেন, এখনো ১১ লক্ষ বাংলাদেশী মেশিন রিড্যাবল পাসপোর্ট পাননি।
পাসপোর্ট অধিদপ্তরের হিসেবে এই সংখ্যা অবশ্য অনেক কম, যদিও অধিদপ্তরের মহাপরিচালকের ধারণা, বিদেশে অবৈধভাবে বাস করছেন এমন অনেক বাংলাদেশী তাদের পাসপোর্ট সংক্রান্ত তথ্য দূতাবাসে সময় মত জানান না, ফলে এ সংক্রান্ত পরিসংখ্যান পুরোপুরি সঠিক হয়না। এন এম জিয়াউল আলম অবশ্য বলছেন, এরই মধ্যে সোয়া এক কোটি বাংলাদেশীকে নতুন পাসপোর্ট দেয়া হয়েছে।
