আর্জেন্টিনার তারায় ভরা দলে সবচেয়ে ম্লান মুখগুলোর একটি। ডিফেন্সিভ মিডফিল্ডে খেলে মেসি-আগুয়েরো-তেভেজদের জনপ্রিয়তায় টেক্কা দেওয়ার দুঃসাহসও দেখেন না। সেই বিলিয়ার পা থেকেই ২০১৮ বিশ্বকাপ বাছাই পর্বে প্রথম জয়সূচক গোলটির দেখা পেল আর্জেন্টিনা। চতুর্থ ম্যাচে এসে জেরার্ডো মার্টিনোকে হাঁপ ছেড়ে বাঁচার উপলক্ষ এনে দিল তাঁর দল। ২০ মিনিটে বিলিয়ার একমাত্র গোলে কলম্বিয়াকে তাদেরই মাঠে হারিয়ে প্রথম জয় পেল আর্জেন্টিনা।
প্রথম তিন ম্যাচেই জয় নেই। দুই পয়েন্ট নিয়ে দশ দলের মধ্যে নয়ে! বিশ্বকাপ আর কোপা আমেরিকার মতো বড় দুটো টুর্নামেন্টে টানা ফাইনালে ওঠা দলটার এমন চেহারা যেন বিশ্বাস হচ্ছিল না। মেসি-তেভেজ-আগুয়েরোদের শূন্যতা আরও বড় করে অনুভূত হচ্ছিল তিন ম্যাচে মাত্র এক গোল করায়।
ভীষণ চাপ নিয়েই কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। জানত, বড় পরীক্ষাই অপেক্ষা করছে তাদের জন্য। কলম্বিয়া যে নিজেদের মাঠে টানা সাত ম্যাচে অপরাজিত। জিতেছে এর ছয়টাই। অবশ্য আর্জেন্টিনা জানত, হলুদ শিবিরের এই লক্ষ্মণরেখা পারলে আর্জেন্টিনাই পারবে পার করতে। চার বছর আগে কলম্বিয়ার নিজ মাঠের সর্বশেষ পরাজয়টি যে আর্জেন্টিনার কাছেই।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *