প্যারিসের থিয়েটার হল বাতাক্লঁতে জিম্মিদের ধরে ধরে জবাই করা হচ্ছিল বলে জানিয়েছেন বেঞ্জামিন ক্যাজোনোভেস। জিম্মিদের একজন বেঞ্জামিন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ কথা জানান। তিনি তখনকার পরিস্থিতি সম্পর্কে বর্ণনা দিয়েছেন এভাবে, ‘ওরা একের পর একজনকে জবাই করছে। অনেকেই ভেতরে আটকা পড়েছেন।’ বেঞ্জামিন অপর এক পোস্টে লেখেন, ‘জীবন্ত জবাই করা হচ্ছে…..ভয়াবহ পরিস্থিতি, চারদিকে শুধু লাশ আর লাশ।’
শুক্রবার স্থানীয় সময় দিনগত রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে বাতাক্লঁ থিয়েটার হলে ও স্তেদে দ্য ফ্রান্স স্টেডিয়ামসংলগ্ন এলাকায় হামলা চালায় সন্ত্রাসীরা। এ ছাড়া সেন্ট ডেনিসেও হামলা চালায় বন্দুকধারীরা। এসব হামলায় নিহত হয়েছেন অন্তত ১৫৩ জন।
জিম্মিদের মুক্ত করতে ফরাসি বাহিনী যখন থিয়েটার ভবনটি ঘিরে ফেলে, তিন আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। এ বিস্ফোরণে চার পুলিশ নিহত হন। এ ছাড়া পুলিশের গুলিতে নিহত হয় চতুর্থ হামলাকারী।
প্যারিসের ডেপুটি মেয়র প্যাট্রিক ক্লুগম্যান বলেছেন, শুধুমাত্র থিয়েটার ভবনেই নিহত হয়েছেন ১১৮ জন। এ ছাড়া রেস্টুরেন্ট ও ফুটবল স্টেডিয়ামের বাইরের হামলায় নিহত হয়েছেন আরও অনেকে। স্টেডিয়ামটি বাতাক্লঁ হল থেকে পাঁচ মাইল দূরে অবস্থিত।
শুক্রবার রাতেই হামলাকারীদের সবাইকে প্রতিহত করা সম্ভব হয়। এদের মধ্যে চারজন নিহত হয় থিয়েটার হলে। আর জার্মানি ও ফ্রান্সের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ শেষের কিছু পরই স্তেদে দ্য ফ্রান্স স্টেডিয়ামসংলগ্ন এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে নিহত হয় দুজন।
