নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর পরকীয়ার জেরে ফাতেমা আক্তার নামে আড়াই বছরের শিশুকন্যাকে গলা টিপে হত্যা করেছে মা লিপি আক্তার। এ ঘটনায় শিশুটির ঘাতক মাকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার গোলাকান্দাইল নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রবিউল ইসলাম জানান, চার বছর আগে মাদারীপুর সদর উপজেলার কালি কাফুর এলাকার মান্নান হাওলাদের ছেলে মনির হাওলাদারের সঙ্গে বরিশাল আগৈলঝাড়া থানার মোল্লাপাড়া সুদেব সরকারের মেয়ে লিপি আক্তারের প্রেম করে বিয়ে হয়। বিয়ের পর তারা রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল নতুনবাজার এলাকার নুরু মিয়ার বাড়িতে বসবাস করে আসছে। ফাতেমা আক্তার নামে আড়াই বছর বয়সের শিশুকন্যা ছিল।
গত দুই মাস ধরে লিপি আক্তারের স্বামী মনির হাওলাদার স্থানীয় গার্মেন্টকর্মী রুবি আক্তারের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এ নিয়ে মনির হাওলাদারের সঙ্গে লিপি আক্তারের প্রতিদিনই ঝগড়া চলছিল। পরকীয়ার জের ধরে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে লিপি আক্তার তার আড়াই বছর বয়সের শিশুকন্যা ফাতেমা আক্তারকে গলা টিপে হত্যা করে।
