গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইয়ের মারধরে নবাব আলী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার দামোদরপুর ইউনিয়নের দক্ষিণ জামুডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত নবাব আলী ওই গ্রামের মৃত কলম উদ্দিনের ছেলে।
এদিকে, এ ঘটনায় পুলিশ অভিযুক্ত বড় ভাইসহ তার পরিবারের ৬ জনকে আটক করেছে।
তারা হলেন, বড় ভাই আব্দুল মতিন (৫৮), তার স্ত্রী বেবী বেগম (৫০), মেয়ে মোজমা বেগম (৩২), মাজেদা বেগম (৩৮), নাজমা বেগম (২৫) ও মেয়ে জামাই সাদেকুল ইসলাম (৩০)।
স্থানীয়রা জানান, জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। বুধবার সকালে মতিন তার লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে যান। খবর পেয়ে ছোট ভাই নবাব গিয়ে তাদের বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাক-বিতণ্ডার একপর্যায়ে মতিন নবাবকে এলোপাতারি মারধর করেন।
পরে স্থানীয়রা নবাবকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
