নারায়ণগঞ্জের আড়াইহাজারে বরের গাড়িবহরে হামলা করে তুলে নেওয়া নববধূকে গাজীপুরের কালিগঞ্জ থেকে উদ্ধার করেছে র্যাব।
রোববার রাতের ওই অভিযানে নববধূ অপহরণে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটকও করা হয়েছে বলে র্যাব-১১ এর অপারেশন অফিসার নাজিমউদ্দিন জানিয়েছেন।
আটকরা হলেন- মোফাজ্জল, সুজন ও রুবেল।
গত শুক্রবার সন্ধ্যায় আড়াইহাজারের নাতগ্রাম ইউনিয়নের রসূলপুর গ্রামে ওই হামলার ঘটনা ঘটে ।
বিয়ের অনুষ্ঠান শেষে কনের বাড়ি থেকে প্রাইভেটকারে করে বরযাত্রী ফিরছিল। পথে অস্ত্রশস্ত্র নিয়ে বরের গাড়ির গতিরোধ করে টেকপাড়া এলাকার মোফাজ্জল (২৪), আলমগীর (২০), রাকিবসহ (১৯) ৭/৮ জন।
“তারা বর ও তার সহযাত্রীদের পিটিয়ে নববধূকে জোর করে অটোরিকশায় তুলে নিয়ে যায়,” ওইদিন আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন বলেছিলেন।
মেয়েটির বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে ওই রাত থেকেই অপরাধীদের ধরতে অভিযান শুরু হয়।
র্যাব কর্মকর্তা নাজিমউদ্দিন বলেন, “রোববার রাতে গাজীপুরের কালিগঞ্জ থেকে ভিকটিমকে উদ্ধার এবং তিনজনকে আটক করা হয়।”
মেয়ের বাবার ভাষ্য, ঈদের দিন তুচ্ছ ঘটনায় একই সন্ত্রাসীরা তাকে কুপিয়ে আহত করার পর তিনি তাদের বিরুদ্ধে মামলা করেছিলেন।
এরপর থেকে সন্ত্রাসীদের কাছ থেকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি পাচ্ছিলেন, অভিযোগ তার।
