ইতালির নাগরিক সিজার তাবেলাকে হত্যা করতে টাকা দিয়ে খুনি ভাড়া করেছিলেন এম এ মতিন। রিমান্ডে থাকা মতিনকে জিজ্ঞাসাবাদে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) এ তথ্য পেয়েছে বলে জানিয়েছে।
এদিকে আইএস (ইসলামিক স্টেট) নামে টুইট ও ব্লগে সিজার হত্যার দায় স্বীকার করার অভিযোগে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।
সিজার তাবেলা হত্যা মামলায় গত বুধবার মধ্যরাতে যশোরের বেনাপোল থেকে এম এ মতিনকে গ্রেপ্তার করার কথা বলেছে ডিবি। পরদিন বৃহস্পতিবার তাঁকে আট দিনের রিমান্ডে নেওয়া হয়। গতকাল শনিবার রিমান্ডের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। মতিন ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুমের ছোট ভাই।
