অনেক প্রতিকূলতা জয় করেই গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, কোপা দেল রের শিরোপা ঘরে তুলেছিল বার্সেলোনা। ইউরোপের প্রথম দল হিসেবে দ্বিতীয়বারের মতো ‘ট্রেবল’ জয়ের নেপথ্যের কারণটা জানালেন দলটির সেরা ফরোয়ার্ড লিওনেল মেসি।
চোটের কারণে মেসি বর্তমানে দলের বাইরে রয়েছেন। তার অনুপস্থিতিতে নেইমার ও লুইস সুয়ারেসরা বার্সেলোনাকে এগিয়ে নিচ্ছেন ভালোভাবেই। মেসি জানান, এই দুই ফরোয়ার্ডের সঙ্গে তার রসায়নটা জমে ওঠায় আর সতীর্থদের নিঃস্বার্থ ফুটবল খেলার কারণে সাফল্য পেয়েছে বার্সেলোনা।
২০১৪-১৫ মৌসুমের সাফল্য নিয়ে তৈরি এক তথ্যচিত্রে মেসি বলেন, “সত্য কথা হলো, আক্রমণভাগে নেইমার ও সুয়ারেসের সঙ্গে খেলাটা অবিশ্বাস্য। মাঠের ভেতরে ও বাইরে আমাদের মধ্যে বিশেষ রসায়ন আছে।”
“দলের ভালোর জন্যই আমরা সবাই খেলি। দলে কোনো স্বার্থপরতা বা এ জাতীয় কিছু নেই”, যোগ করেন ২৮ বছর বয়সী এই তারকা খেলোয়াড়।
‘এমএসএন’ নামে পরিচিত মেসি-সুয়ারেস-নেইমার ত্রয়ী গত মৌসুমে বার্সেলোনার ট্রেবল জয়ে ১২২টি গোল করেন। স্প্যানিশ ফুটবলের ইতিহাসে এটাই সেরা সৃষ্টিশীল ফরোয়ার্ড ত্রয়ী। অথচ গত মৌসুমেই অনেক ঝামেলার মধ্য দিয়ে যেতে হয়েছিল মেসিদের।
গত বছরই মেসিরা জেরার্দ মার্তিনোর জায়গায় নতুন কোচ হিসেবে লুইস এনরিকেকে পেয়েছিলেন। খেলোয়াড় কেনায় নিয়ম না মানায় দলটির ওপর ফিফার নিষেধাজ্ঞার খড়গ নেমে এসেছিল।
মেসি জানান, গত মৌসুমে তাদেরকে অনেক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছিল। এমনকি পানীয় ও খাদ্যাভাস সংক্রান্ত বিষয়েও পরিবর্তন আনতে হয় বলে জানান আর্জেন্টিনার এই ফরোয়ার্ড।
আর মাঠের বাইরের ঝামেলা নিয়ে টানা চারবারের বর্ষসেরা এই ফুটবলার বলেন, “ফুটবলের বাইরের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল আমাদের। কিন্তু সেই সময়টাতেই আমরা ড্রেসিংরুমে সবচেয়ে ঐক্যবদ্ধ ছিলাম। আমি মনে করি, যখন প্রয়োজন পড়েছিল, তখন আমরা শক্তিটা দেখিয়েছিলাম।”
