প্রথম দিনের উইকেটেই এত ফাটল! সুনীল গাভাস্কার বলেই বসলেন, চণ্ডীগড়ে এমন উইকেট কখনোই দেখেননি এতগুলো বছরেও। উইকেট নিয়ে রবি শাস্ত্রী আর মুম্বাইয়ের কিউরেটরের ঝামেলার পর মোহালিতে ভারত যা চেয়েছে তা-ই পেয়েছে। স্বাগতিকদের মন ভরানো উইকেটই বানানো হয়েছে। ভারত খেলছেও তিন স্পিনার নিয়ে।
কিন্তু নিজেদের পাতানো ফাঁদে ধরা পড়ল তারাই, সেটিও এমন এক স্পিনারের হাতে, ১৮ টেস্টের ক্যারিয়ারে এর আগে যিনি বলই করেছেন মাত্র ৭০ ওভার। খোঁড়াতে খোঁড়াতে ভারত শেষ পর্যন্ত ২০১ রানে অলআউট। মোহালিতে গত ১৬ বছরে এত কম রান কখনোই করেনি ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে এর চেয়ে কম রানে ভারত অলআউট হয়েছিল মাত্র তিনবার।
সেই তিনবারই ম্যাচ হেরেছিল ভারত, দুটো আবার নিজেদের মাটিতে। তবে টেস্টের প্রথম দিনে ম্যাচের ভবিষ্যদ্বাণী করার ঝুঁকি এ কারণে আরও নেওয়া যাচ্ছে না, ভারতেরও তো সেই ফাঁদ ব্যবহার করা বাকি! ভারতীয় স্পিনের জবাব দক্ষিণ আফ্রিকা কীভাবে দেবে সেটাও তো দেখার। ৯ রান তুলতেই যে তারা হেরে বসে আছে দুই ব্যাটসম্যানকে! টেস্টের প্রথম দিনে ৭৬ ওভার পর্যন্ত পড়েছে ১২ উইকেট! ২৫ বল খেলে ডিন এলগার মাত্র ৩ রানে অপরাজিত আছেন, এখান থেকেও বুঝে নিতে পারেন স্পিনে ব্যাটসম্যানদের হাঁসফাঁস।
এই এলগারই কিন্তু বোলারের ভূমিকায় ভারতের সর্বনাশ করেছেন। আট ওভার বল করেই বাঁ হাতি স্পিনে তুলে নিয়েছেন চার উইকেট। ওপেনার মুরালি বিজয় এক প্রান্ত আগলে রেখেছিলেন। কিন্তু ৭৫ রানে তিনিও এলগারের চতুর্থ শিকার হয়ে ফেরেন। সাতে নেমে রবীন্দ্র জাদেজার ৩৮ আর নয়ে নামা রবিচন্দ্রন অশ্বিনের ব্যাট থেকে ২০ রান না এলে আরও বিপ​দে পড়ে যেত ভারত।
চেতেশ্বর পূজারা করেছেন ৩১, অজিঙ্কা রাহানে ১৫। শিখর ধাওয়ান, বিরাট কোহলি, আর ঋদ্ধিমান সাহা মিলে করেছেন ১! এর মধ্যে ধাওয়ান ফিরেছেন ভারতের স্কোরে কিছু যোগ হওয়ার আগেই।
ওয়ানডে সিরিজের পরাজয় থেকে শিক্ষা নিতেই স্পিনের ফাঁদ বসিয়েছে ভারত। কিন্তু সেই ফাঁদটাকে এলগার যে বুমেরাং বানাবেন প্রথম দিনেই, ভারত হয়তো এতটা ভাবেনি! আট ওভার হাত ঘুরিয়েই এলগারের ক্যারিয়ার সেরা বোলিং হয়ে গেছে! অথচ প্রথম শ্রেণির ক্রিকেটেই এলগার এর আগে একবারই মোটে নিতে পেরেছিলেন চার উইকেট।
এখন ভারতীয় স্পিনাররাই পারে অধিনায়ক কোহলির জন্মদিনে শুরু টেস্টটাকে বাঁচাতে।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *