শাহ আলম (২২) নামে ওই যুবকের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে। সোমবার সমাবেশের সময় তাকে গ্রেপ্তার করা হলেও মঙ্গলবার তা প্রকাশ পেয়েছে।
শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক নিউজ সারাদিনকে বলেন, “সোহরাওয়ার্দী উদ্যান থেকে আটক ওই যুবকের কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগে চাপাতিটি পাওয়া গিয়েছিল।”
জেল হত্যা দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে ঢাকার বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি আশপাশের জেলাগুলো থেকে দলের বিভিন্ন সহযোগী সংগঠনগুলোও মিছিল নিয়ে যোগ দিয়েছিল।
প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার সময় সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথ থেকে ওই যুবককে আটক করা হয় বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। সমাবেশের মঞ্চ ছিল ফটকের কয়েকশ’ গজ দূরে।
শাহ আলম পুলিশকে বলেছেন, শমসের আলী নামে কাচপুরের এক স্বেচ্ছাসেবক লীগের নেতার সঙ্গে তিনি এসেছিলেন। সংগঠনের মধ্যে তার প্রতিপক্ষ থাকায় ‘নিরাপত্তার স্বার্থে’ চাপাতিটি তিনি সঙ্গে রেখেছিলেন।
