অফিস অনলাইন আর আউটলুক ডটকমে অনলাইন ভিডিও কলিং সেবা স্কাইপ অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে বলে ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। এর ফলে, কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করার সময়ও ব্যবহারকারীরা ভিডিও বা ভয়েস কলে তাদের কন্টাক্টে থাকা মানুষদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

নেদারল্যান্ডসভিত্তিক অনলাইন সাইট নেক্সট ওয়েবের বরাত দিয়ে ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, এই পদক্ষেপের ফলে কোনো ফাইলে কাজ করার সময় যোগাযোগ সহজ হবে। যদি কোনো ব্যবহারকারী মেসেজ পাঠাতে চান, তাহলে স্কাইপ তাদের আগের মেসেজগুলোও ডকুমেন্টে জুড়ে দেবে। এ কারণে, ব্যবহারকারীরা ডকুমেট খোলার পর যে অবস্থায় রেখে গিয়েছিলেন সেই অবস্থায়ই ফিরে আসবেন।

সেই সঙ্গে অফিসের জন্য বানানো নতুন ক্রোম এক্সটেনশনের সাহায্যে ওয়েব অফিস স্যুট অ্যাকসেসও সহজ করছে মাইক্রোসফট। এই ক্রোম এক্সটেনশন এখন ব্যবহারকারীদের ক্রোমের মাধ্যমেই বিভিন্ন ধরনের অফিস ডকুমেন্ট খোলার সুযোগ দেয়, তা ওয়ান ড্রাইভেই থাকুক আর ব্যবহারকারীর কম্পিউটারেই থাকুক।

ইতোমধ্যে স্কাইপ অন্তর্ভুক্ত করা এই অফিস অনলাইনে আর আউটলুক ডটকমের সংস্করণ যুক্তরাষ্ট্রে ছাড়া হয়েছে। অন্যান্য অঞ্চলেও খুব শিগগিরই এটি বের করা হবে।

By