জিম্বাবুয়ে সিরিজের তিনটি ওয়ানডে পার হলেই টি-টোয়েন্টির সমুদ্রে পড়ে যাবে বাংলাদেশ দল। ২২ নভেম্বর শুরু হবে ঘরোয়া টি-টোয়েন্টির আসর বিপিএল, ফেব্রুয়ারি-মার্চে ঘরের মাঠের এশিয়া কাপটাও এবার ২০ ওভারের ম্যাচের, এরপর মার্চ-এপ্রিলে তো ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপই খেলতে হবে!
হাতে থাকা সব মার তাই এখন ব্যাটে নিয়ে আসার সময়। টি-টোয়েন্টির উত্তুঙ্গ উত্তেজনায় সাফল্য পেতে চাই মারকাটারি সব শট। জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে বাংলাদেশ দলের অনুশীলনে সেসবে আরও অভ্যস্ত হয়ে ওঠার চেষ্টাটা সুস্পষ্ট।
গত দুই দিন তো ঘোষণা দিয়েই টি-টোয়েন্টির অনুশীলন করালেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। পরশু মাঝ উইকেটে ব্যাটিং অনুশীলনের শুরুতে এক-দুই রান নিয়ে খেলতে বলা হয় ব্যাটসম্যানদের। এরপর একটা পর্যায়ে আসে শট খেলার নির্দেশনা। আর কালকের অনুশীলনটা ব্যাটসম্যানদের জন্য ছিল শুধুই চার-ছক্কা মারার। অন্যদিকে বোলারদের বলা হয়েছে যত বেশি সম্ভব ডট বল করার চেষ্টা করতে। আজ বিরতি। কাল থেকে প্রস্তুতি চলবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজ মাথায় রেখে।
