ভারতে ক্রীড়া তারকাদের নিয়ে ছবি বানানোর চল শুরু হয়েছে আগেই। ভাগ মিলখা ভাগ, ম্যারি কম-এর সাফল্যে উৎসাহিত হয়ে এবার দুই বর্তমান ও সাবেক ক্রিকেটারকে নিয়ে আসছে দুটি নতুন ছবি। সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনকে নিয়ে আসছে আজহার। বর্তমান অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে আসছে ধোনি: আনটোল্ড স্টোরি। কথা চলছে, সানিয়া মির্জাই তবে কেন নয়?
রক্ষণশীল সমাজে জন্ম নিয়েও সানিয়া টেনিসের মতো ভারতে অপ্রচলিত একটি খেলাকে আঁকড়ে ধরেছেন। প্রথমে একক ক্যারিয়ারে সাফল্য না পেলেও যৌথ ক্যারিয়ারে দারুণ সাফল্য পাচ্ছেন। এ বছরই জিতেছেন দুটি গ্র্যান্ড স্ল্যাম। সানিয়াকে নিয়েও ছবি বানানোর কথা চলছে। কিন্তু রুপালি পর্দায় কে হতে পারেন সানিয়া?
সানিয়া মনে করেন, পরিণীতি চোপড়াই সেরা। চেহারায় মিল তো থাকছেই, পরিণীতির অভিনয়ও দারুণ লাগে সানিয়ার। তবে সানিয়ার মা বলছেন অন্য কথা। সানিয়াকে নিয়ে যখন ছবি হবে, তাতে সানিয়া নিজেই অভিনয় করুন না! তাঁর মেয়ে দেখতে কোনো নায়িকার চেয়ে কম কিসে! মিডডে।
