চমকে ওঠার মতো খবরই বটে! মেসি বার্সা ছাড়ছেন—এমন গুঞ্জন বাতাসে ভাসছে, তাই বলে রিয়ালে যোগ দিয়ে দিলেন এই আর্জেন্টাইন? চমকে দেওয়ার জন্যই কথাটা বলা। ন, লিওনেল মেসি রিয়ালে যাচ্ছেন না। তবে রিয়ালে ‘মেসি’ একজন আসছেন, তবে তিনি আসল মেসি নন, ‘নতুন মেসি।’
বার্সেলোনার সোনালি যুগ থেকে শিক্ষা নিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল। এখন আর শুধু বড় তারকাদের পেছনেই টাকা খরচ করছে না তারা, উঠতি প্রতিভার খোঁজ পেলেই তাদের দলে টেনে নিচ্ছে। গত কয়েক মৌসুমে মার্কো এসেনসিও, ফেডেরিকো ভালভেরদে কিংবা নরওয়ের বিস্ময় বালক মার্টিন ওডেগার্ডকে কিনে নিয়ে নিজেদের উদ্দেশ্য বুঝিয়ে দিয়েছে ‘লস ব্লাঙ্কোস’রা। এই দলেই নাম লেখালেন লুকাস পাতানেলি।
আর্জেন্টিনার ক্লাব ইন্ডেপেন্ডিয়েন্তে খেলে পাতানেলি। বয়স এখনো ১৬ হয়নি, এখনই তাকে নিয়ে কাড়াকাড়ি পড়ে গেছে। অবশ্য এর কারণ খুঁজতে কষ্ট হচ্ছে না। ১৫ বছরের পাতানেলির গায়ে যে এখনই লেগে গেছে ‘নতুন মেসি’র তকমা! আটলান্টিক পাড়ি দিয়ে এই বিস্ময় বালকের খেলা দেখতে আর্জেন্টিনায় হাজির হয়েছিলেন রিয়ালের কর্তাব্যক্তিরা। পাতানেলির খেলা দেখে মুগ্ধ হয়ে তাকে রিয়াল মাদ্রিদে একডেমিতে উড়িয়ে আনা হয়। সেখানে একদিন পার হতে না হতেই চুক্তিতে বেঁধেও ফেলা হয়েছে এই ‘মেসি’কে।
তবে এই চুক্তি এখনই আনুষ্ঠানিক স্বীকৃতি পাচ্ছে না। ফিফার নিয়মানুযায়ী ১৬ বছরের নিচে কোনো ফুটবলারের সঙ্গে পেশাদারি চুক্তিতে যেতে পারে না ক্লাবগুলো। তাই ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত রিয়ালের জার্সিতে দেখা যাবে না পাতানেলিকে। সূত্র: মার্কা।

By