পঞ্চম দিনে শেষ বেলার নাটকীয়তায় আবারও ড্রয়ের দিকে গড়াচ্ছিল পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট। ৪৯১ রান ছোঁয়ার প্রশ্নই ওঠে না, ইংলিশরা ব্যাট করছিল তখন দিন শেষ করার জন্য। কিন্তু শেষরক্ষা হয়নি তাদের। মাত্র ৬.৩ ওভার আগে শেষ উইকেট হিসেবে আদিল রশিদকে ফিরিয়ে পাকিস্তান ম্যাচ জিতে গেছে ১৭৮ রানে। ৩ টেস্ট সিরিজে তারা এগিয়ে গেল এখন ১-০ ব্যবধানে।

৩ উইকেটে ১৩০ রান নিয়ে দিন শুরু করে ইংল্যান্ড খেলছিল ড্রয়ের লক্ষ্যেই। কিন্তু পাকিস্তান জয়ের পথ করে ফেলে ১৯৩ রানে তাদের ৭ উইকেট তুলে নিয়ে। জো রুট আউট হন ৭১ রানে। অলরাউন্ডার আদিল রশিদের লড়াই শুরু হয় এর পর থেকেই। প্রথমে স্টুয়ার্ট ব্রডের সঙ্গে জুটি গড়ে তিনি ৬০ রান যোগ করেন দলীয় স্কোরে, এরপর মার্ক উডের সঙ্গে গড়েন ৫৫ রানের জুটি। তবে রান নয়, উডের সঙ্গে মিলে কাটিয়ে দেন তিনি ২৯.২ ওভার, বল খেলেন ১৯৬টি।

টেস্টের চতুর্থ ইনিংসে নবম উইকেটে সবচেয়ে বেশি সময় ক্রিজে থাকার রেকর্ড হয়ে গেছে। আর তাতেই ইংলিশরা ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখছিল। কিন্তু শেষটা আর নাটকীয় হলো না। পাকিস্তানের সবচেয়ে সফল বোলার ইয়াসির শাহই ব্যক্তিগত ৬১ রানে তুলে নিয়েছেন রশিদকে। ২৩৯ মিনিট তিনি ক্রিজে ছিলেন, বল খেলেছেন ১৭২টি, ৭টি চার তাতে। সোজা ব্যাটে, সফট হ্যান্ডে ভালোই সামলাচ্ছিলেন তিনি পাকিস্তানি বোলারদের। ইংলিশ ব্যাটসম্যানদের জন্য তা উদাহরণই হয়ে থাকার কথা। শর্ট কাভারে ক্যাচ দিয়ে রশিদের ফেরায় অবশ্য সেই ইনিংসের প্রতিফলন নেই। আবুধাবির পাঁচ দিনে যেমন আধিপত্য দেখিয়ে এসেছেন পাকিস্তানি ক্রিকেটাররা, শেষ উইকেট নেওয়ার উল্লাসে সেই ছবিটাই বরং ফুটেছে।

ইয়াসির শাহ এই ইনিংসেও নিয়েছেন ৪ উইকেট, ম্যাচে তাঁর ৮ উইকেট! শেষ মুহূর্তে রশিদকে ফিরিয়েছেন তিনিই। তবু ইয়াসির নন, প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচে ইংলিশদের ব্যাকফুটে ঠেলে দেওয়া পেসার ওয়াহাব রিয়াজ হয়েছেন ম্যাচসেরা। দ্বিতীয় ইনিংসে রশিদের সঙ্গে বড় জুটির পথে এগোতে থাকা স্টুয়ার্ট ব্রডকে ফিরিয়েছেন বোল্ড করে। আরেক স্পিনার জুলফিকার বাবর নিয়েছেন ৩ উইকেট। রুটের পর ফেরান তিনি মার্ক উডকে। ক্রিকইনফো

By