ব্রাজিলের ১০ নম্বর জার্সিটা এখন তাঁর আলোয় উজ্জ্বল। বার্সেলোনাও আচ্ছন্ন তাঁর জাদুতে। সব দিক দিয়েই তো নেইমার বয়ে নিয়ে বেড়াচ্ছেন রোনালদিনহোর ব্যাটন। এবার ‘রোনি’ নিজেও জানালেন, নেইমারই তাঁর যথার্থ উত্তরসূরি।
মরক্কোর কিংবদন্তি মুস্তাফা হাজির বিদায়ী ম্যাচ খেলতে পরশু উড়ে গিয়েছিলেন আজাদিরে। সেখানেই স্প্যানিশ দৈনিক মার্কার সঙ্গে কথা বলেছেন রোনালদিনহো। নেইমার এখন বার্সেলোনায় যা করছেন, রোনালদিনহো তো সেটা বছর আটেক আগেই করেছিলেন। ২০০৫ সালে ব্যালন ডি’অরও জিতেছিলেন।

নেইমার সেটা করতে পারবেন কি না, সময়ই বলে দেবে। তবে রোনালদিনহো কিন্তু দারুণ আশাবাদী, ‘সে একজন অসাধারণ খেলোয়াড়। সে একদিন ইতিহাস গড়বে। নেইমার বার্সেলোনায় ঠিক তাই করবে, যা তার আগের ব্রাজিলিয়ানরা করেছে।’
বার্সেলোনায় ব্রাজিলিয়ান-জাদুর শুরুটা অবশ্য আজকের নয়। সেই রোমারিও থেকে শুরু। এরপর রোনালদো, রিভালদো, রোনালদিনহোর পর এখন নেইমার। আগের নামগুলো জানা থাকলে শুধু ‘রোনি’ কেন, যে কেউই তো নিশ্চিন্তে বাজি ধরবেন নেইমারকে নিয়ে! মার্কা।

By