যুক্তরাজ্যের বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের এনার্জি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ-বিষয়ক সংসদীয় কমিটির সদস্য মনোনীত হয়েছেন। গুরুত্বপূর্ণ একটি সংসদীয় কমিটির সদস্য হতে পেরে আনন্দিত হন তিনি। গত সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দায়িত্ব লাভের পর প্রতিক্রিয়ায় বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে নির্বাচিত লেবার পার্টির এমপি রুশনারা আলী বলেন, বাংলাদেশের মতো যেসব দেশের মানুষ পরিবেশের পরিবর্তনজনিত কারণে ভয়াবহ বিপর্যয়ের মধ্যে রয়েছে, তাদের ব্যাপারে যুক্তরাজ্য যাতে দায়িত্ব পালন করে যায়, সে বিষয়ে তিনি সজাগ থাকবেন।
বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলো পরিবেশ পরিবর্তনের ইস্যুতে যুক্তরাজ্যকে নেতৃত্বের আসতে দেখতে চায় বলেও উল্লেখ করেন রুশনারা।
এনার্জি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ-বিষয়ক সংসদীয় কমিটি ১১ সদস্যবিশিষ্ট এবং প্রধান দলগুলোর এমপিদের সমন্বয়ে গঠিত। কমিটির প্রধান কাজ হচ্ছে ডিপার্টমেন্ট অব এনার্জি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের নীতি, কার্যক্রম ও ব্যয় পর্যবেক্ষণ করা।
রুশনারা আলী এর আগে ট্রেজারি কমিটির সদস্য, ছায়া শিক্ষামন্ত্রী, ছায়া আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ছিলেন।
