নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গতকাল সোমবার রাতে কাউন্সিলর ও আওয়ামী লীগ-সমর্থক শাহজালাল বাদল এবং যুবলীগ নেতা তোফায়েল আহম্মেদের সমর্থকদের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে।
শাহজালাল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওসাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের আপন ভাতিজা। তোফায়েল স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল রাত ১০টার দিকে শাহজালাল পক্ষের সঙ্গে তোফায়েলের লোকজনের সংঘর্ষে বাধে। এতে তোফায়েলসহ পাঁচজন আহত হন। তোফায়েলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় বেশ কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এদিকে সংঘর্ষে তোফায়েল আহত হওয়ার ঘটনার প্রতিবাদে তাঁর সমর্থকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
