টেস্ট ক্রিকেটও কৃত্রিম আলোয় অনুষ্ঠানের চিন্তাভাবনাটা পুরনো। রাতে আবার লাল বলে খেলা সম্ভব না, তাই গোলাপি বলের পরীক্ষামূলক ব্যবহারও শুরু হয়েছে। পাল্লা দিয়ে চলছে এর পক্ষে-বিপক্ষে তর্ক-বিতর্কও। তবে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ গোলাপি বলের পক্ষে। টেস্ট ক্রিকেটের ভবিষ্যতের কথা ভেবেই কৃত্রিম আলোয় খেলা জরুরি বলে মনে করছেন তিনি।
‘আমার মনে হয় ক্রিকেটের স্বার্থেই এটা দারুণ একটা উদ্যোগ’, কাল মেলবোর্নের একটি টিভি অনুষ্ঠানে বলেছেন স্টিভ ওয়াহ। তাঁর এ চিন্তার পেছনের চালিকাশক্তি সম্প্রতি টেস্ট ম্যাচ চলাকালে ফাঁকা গ্যালারি, ‘অনেক দেশেই টেস্ট ক্রিকেটের দর্শক কমে যাচ্ছে। অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড ছাড়া অন্য কোথাও তেমন দর্শক হয় না। তাই টেস্ট ক্রিকেটকে ঘিরে নতুন ভাবনার কোনো বিকল্প নেই।’
অগত্যা ওয়ানডে আর টোয়েন্টি টোয়েন্টির মতো টেস্ট ক্রিকেটও কৃত্রিম আলোয় খেলানোর পক্ষে তিনি, ‘আমার বিশ্বাস রাতে খেলা হলে মানুষ টেস্ট দেখতেও মাঠে যাবে।’ সিডনি মর্নিং হেরাল্ড
